শ্রম আদালতে মামলা করায় হয়রানি
গর্ভপাতজনিত কারণে ১০ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ঢাকার সাভারের একটি পোশাক কারখানার শ্রমিক কমলা চক্রবর্তী। এ জন্য কোনো নিয়ম না মেনে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতির পর বিষয়টি কর্তৃপক্ষকে জানান কমলা।
প্রতিকার না পেয়ে তিনি শ্রম আদালতের শরণাপন্ন হন। এতে ক্ষিপ্ত হয়ে কারখানা কর্তৃপক্ষ তাঁকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। কমলাকে সহায়তা করায় ওই মামলায় আসামি করা হয়েছে একটি শ্রমিক সংগঠনের কর্মকর্তাকে।
কমলা চক্রবর্তী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিফংবল গ্রামের সুপ্রজিত চক্রবর্তীর স্ত্রী। কমলা বলেন, গত ফেব্রুয়ারি মাসে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তিনি কারখানা কর্তৃপক্ষকে জানান। ২৪ ফেব্রুয়ারি কর্মস্থল থেকে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তাঁর গর্ভপাত হয়। পরে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
কমলা বলেন, সুস্থ হওয়ার পর ৭ মার্চ তিনি কর্মস্থলে গেলে কর্তৃপক্ষ তাঁকে অব্যাহতিপত্রে সই নিয়ে কারখানা থেকে বের করে দেয়। কেড়ে নেওয়া হয় তাঁর পরিচয়পত্র। পরে তিনি কারখানার ব্যবস্থাপনা পরিচালককে লিখিতভাবে বিষয়টি জানান। কোনো প্রতিকার না পেয়ে তিনি নিয়মানুযায়ী বেতন ও ভাতার দাবিতে শ্রম আদালতে দুটি মামলা করেন। এতে সহায়তা করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের আশুলিয়া ও সাভার অঞ্চলের সভাপতি সৌমিত্র কুমার দাস। এর জের ধরে তাঁদের বিরুদ্ধে মানিকগঞ্জে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, সদর উপজেলার মেঘশিমুল গ্রামের সোহেল রানা সৌমিত্র ও কমলার বিরুদ্ধে আদালতে একটি পিটিশন মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। আদালতের নির্দেশে ১০ আগস্ট অভিযোগটি থানায় নথিভুক্ত করা হয়। ১১ আগস্ট রাতে কমলাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তিনি জামিনে ছাড়া পান।
মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, সোহেল রানা আল-মুসলিম গ্রুপের একজন শ্রমিক। সেই সুবাদে তাঁরা দুজন পরস্পরের পরিচিত।
সোহেল রানার সঙ্গে কথা বলার জন্য তাঁর গ্রামের বাড়ি গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁর পরিবারের সদস্যরাও কিছু বলতে রাজি হননি।
গত শুক্রবার ও গতকাল শনিবার কারখানার মহাব্যবস্থাপকের মুঠোফোনে কল করলে তিনি পরিচয় পাওয়ার পর ‘রং নম্বর’ বলে সংযোগ কেটে দেন। এরপর তিনি আর ফোন ধরেননি।
সৌমিত্র কুমার দাস বলেন, কমলাকে তাঁর অধিকার আদায়ে সহায়তা করায় কারখানা কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবিব ওরফে বুলবুল বলেন, শ্রমিকদের প্রতি মালিকদের দমননীতির অংশ হিসেবে সৌমিত্র ও কমলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।